পিলখানা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআরের ৫৭ জন সেনা কর্মকর্তাসহ বহু কর্মকর্তা-কর্মচারী নিহত হন। ঘটনাটিকে তিনি জাতির জন্য লজ্জাজনক ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে আখ্যা দেন।
মন্ত্রী বলেন, এ হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা ও সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল। তবে জনগণ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঘুরে দাঁড়িয়েছে।
সবশেষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান তিনি।