বিএনপি মহাসচিব ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেম ও সাহসিকতার এক অনন্য প্রতীক। তিনি বলেন, ৪৩ বছরের রাজনৈতিক জীবনে বেগম জিয়া গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে কখনো আপস করেননি।
বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বেগম জিয়ার শাসনামলে গৃহীত যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বেগম জিয়া নারীদের শিক্ষা ও ক্ষমতায়ন, প্রাথমিক শিক্ষার বাধ্যতামূলক করা, জাতীয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজ স্থাপন করেছেন। কৃষি ও অর্থনীতিতে তার অবদান হিসেবে উল্লেখ করেন—কৃষকদের ঋণ মওকুফ এবং জমির খাজনা মাফ, যা গ্রামবাংলার মানুষের ভাগ্য বদলে দিয়েছে।
মির্জা ফখরুল কবি আল মাহমুদ–এর একটি কবিতার পঙক্তি আবৃত্তি করে বেগম জিয়ার ব্যক্তিত্ব বর্ণনা করেন। তিনি বলেন, “কারামুক্ত হওয়ার পর বেগম খালেদা জিয়া প্রতিহিংসা নয়, বরং ঐক্যের ডাক দিয়েছিলেন। তার দর্শন আমাদের আগামীর পথ চলার প্রেরণা।”