Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ

জয় মানেই শিরোপা—এমন সমীকরণ সামনে রেখে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সামনে ২৬৬ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে টাইগাররা।

ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন শান্ত। ৪১তম ওভারে জেডন লেনেক্সের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পৌঁছান তিনি। ১১৯ বলে ১০৫ রানের ইনিংসে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। দীর্ঘদিন পর সেঞ্চুরি পেয়ে নিজের খরা কাটান এই বাঁহাতি ব্যাটার।

শুরুর বিপর্যয় সামাল দিয়ে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শান্ত। চতুর্থ উইকেটে লিটন দাসকে সঙ্গে নিয়ে গড়েন ১৬০ রানের দারুণ জুটি। লিটন ৯১ বলে ৭৬ রান করে আউট হন, তার ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। তিনিও দীর্ঘ ১৯ ইনিংস পর ফিফটির দেখা পান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩২ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সৌম্য সরকার করেন ১৮ রান, তানজিদ হাসান তামিম ১ এবং সাইফ হাসান শূন্য রানে আউট হন।

পরবর্তীতে মেহেদী হাসান মিরাজ ২২ এবং তাওহিদ হৃদয় অপরাজিত ৩৩ রান যোগ করে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন উইল ও’রুকি।

এর আগে মিরপুরে অনুষ্ঠিত দুই ম্যাচের ওয়ানডে সিরিজে উভয় দলই একটি করে জয় পেয়েছিল।

এ সম্পর্কিত
You might also like