Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

রাজশাহীতে ২ লাখ ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আগামী এক বছরে মহানগরজুড়ে প্রায় ২ লাখ ৫০ হাজার গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৩ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর চৌদ্দপাই এলাকায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে ফুটপাত ও সড়ক বিভাজকে গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন

রাসিক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৫৩ হাজার গাছ রোপণের কাজ শুরু হয়েছে।

কর্মসূচির আওতায় মহানগরীর সড়ক বিভাজক, ফুটপাত এবং ৩০টি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ফুল ও ঔষধি গাছ রোপণ করা হবে।

যেসব এলাকায় বৃক্ষরোপণ করা হবে তার মধ্যে রয়েছে— তালাইমারী থেকে কাটাখালী, আমচত্বর থেকে নওহাটা ব্রিজ, দাশপুকুর মোড় থেকে কাশিয়াডাঙ্গা, বিমানচত্বর থেকে বিহাস, ভদ্রা থেকে নওদাপাড়া নতুন বাস টার্মিনাল, মেহেরচণ্ডি ফ্লাইওভার থেকে দায়রাপার্ক, বিভাগীয় স্টেডিয়াম থেকে সিটি হাট, জেলখানা থেকে পুলিশ লাইন এবং বিসিক ম্যাচ ফ্যাক্টরি থেকে শারীরিক শিক্ষা কলেজ পর্যন্ত বিভিন্ন সড়ক ও এলাকা।

এ সম্পর্কিত

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “নগরজুড়ে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। নগরবাসীর সহযোগিতায় আমরা রাজশাহীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব নগরীতে রূপ দিতে চাই।”

তিনি নগরবাসীর প্রতি অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

রাসিক প্রশাসক আরও বলেন, “শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যার ব্যবস্থাও করা হবে। রাসিকের পরিবেশকর্মীরা গাছে পানি দেওয়া ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন।”

অনুষ্ঠানে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম. ছায়েদুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. আসনার উদ্দিন, রেজিস্ট্রার ড. মো. আজিবার রহমানসহ সিটি করপোরেশন ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাতকাহন ডেস্ক

You might also like