Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

৪৯২ উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনগণের চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ৫০ শয্যার ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (৩ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী জানান, এরই মধ্যে দেশের আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হয়েছে। বাকি ৪৯২টি হাসপাতালকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হবে।

তিনি বলেন, হাসপাতালগুলোর অবকাঠামোগত প্রয়োজনীয়তা মূল্যায়নের দায়িত্ব পালন করবে গণপূর্ত অধিদপ্তর। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগের ব্যবস্থা করবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, উন্নীত হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে দুজন করে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগীয় শহর এবং কুমিল্লা জেলা সদরে মোট পাঁচটি শিশু হাসপাতাল চালু করা হবে।

মন্ত্রী বলেন, এসব হাসপাতাল পরিচালনার জন্য প্রতিটিতে প্রয়োজন হবে প্রায় ১ হাজার ৪৭৫ জন জনবল। এ বিষয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগ নিশ্চিত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি ছয় নবজাতকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বুধবার সূর্যাস্তের আগেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি বলেন, “যদি তদন্তে অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

You might also like