নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১১ এপ্রিল) মিরপুরে নির্বাচক প্যানেল এই দল ঘোষণা করে। সর্বশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি।
দলে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। স্কোয়াডে আছেন সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড দল আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ ও ২০ এপ্রিল ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
এরপর ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে দুইটি টি-টোয়েন্টি এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচ ২ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।
বিদ্যুৎ সাশ্রয় পরিকল্পনার কারণে ম্যাচ শুরুর সময়েও পরিবর্তন আনা হয়েছে। ওয়ানডে ম্যাচ শুরু হবে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে খেলোয়াড়দের ফিরিয়ে আনা হচ্ছে সিরিজের জন্য। মুস্তাফিজুর রহমান সিরিজ শেষে আবার পিএসএলে যোগ দেবেন বলে জানা গেছে।
সাতকাহন ডেস্ক