মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-এর দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (৩ মে) এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়, যা সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আগের মতোই ১ হাজার ৯৪০ টাকা নির্ধারিত রয়েছে।
তবে অটোগ্যাসের দামে সামান্য পরিবর্তন আনা হয়েছে। মে মাসের জন্য মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ পয়সা বাড়িয়ে ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম সমন্বয় করা হয়। ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়। পরে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে একই সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা করা হয়।