৯ মার্চ। ১৯৭১ সালে আজকের এই দিনে অসহযোগ আন্দোলনের ধারাবাহিকতায় দেশের সবকটি জেলায় হরতাল পালিত হয়। গণ পরিবহন, জরুরি সার্ভিস ও ব্যাংক ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ থাকে। এমনকি উচ্চ আদালত , নিম্ন আদালত সহ সকল সরকারি ও আধা সরকারি এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। ঘরে-ঘরে কালো পতাকা উড়ানো হয়।
এইদিন বিকেলে পল্টন ময়দানে ন্যাশনাল আওয়ামী পার্টি এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে দলের প্রধান মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করার জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের প্রতি আহ্বান জানান। ভাসানী বলেন, ‘অন্যথায় ১৯৫২ সালের মতোই আমি ও শেখ মুজিব ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা আন্দোলন শুরু করব। ইয়াহিয়া খান, তোমার যদি পশ্চিম পাকিস্তানের পাঁচ কোটি মানুষের জন্য দরদ থাকে তাহলে তুমি পূর্ব বাংলাকে স্বাধীন ঘোষণা কর। এতে করে দুই পাকিস্তানে ভালবাসা থাকবে, বন্ধুত্ব থাকবে। কিন্তু এক পাকিস্তান আর থাকবে না, থাকবে না, থাকবে না!’
ভাসানী বলেন, ‘আমি অহিংস নীতিতে বিশ্বাস করি না। অহিংসার কথা বাদ দাও, এটা অবাস্তব। আমার নবী (সা.) বলতেন, প্রথমে আক্রমণ করো না কিন্তু কেউ যদি আক্রমণ করে তার তেরটা কেন চৌদ্দটা বাজিয়ে দাও।’
তিনি বলেন, ‘বাঙালি, বিহারি, হিন্দু, মুসলমান— সকলেই এ দেশের অধিবাসী। এদের জানমাল রক্ষা করা আমাদের দায়িত্ব।’
সম্পাদক
সাতকাহন