Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

অন্তর্জালে ‘রকস্টার’-এর এনিমেটেড টিজার

ভিন্নধর্মী চরিত্রে নিয়মিত চমক দেখিয়ে চলা ঢাকাই তারকা শাকিব খান এবার হাজির হচ্ছেন নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে। শনিবার (২ মে) নিজের ফেসবুক পেজে সিনেমাটির একটি অ্যানিমেশন টিজার প্রকাশ করেন তিনি, যা প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

৫৩ সেকেন্ডের টিজারের শুরুতে একটি প্রতীকী দৃশ্য দেখা যায়—নীল আকাশে উড়তে থাকা সাদা পাখি, যা স্বাধীনতার প্রতীক হিসেবে ধরা হয়। হঠাৎ বজ্রাঘাতে পাখিটি আহত হয়ে মাটিতে পড়ে যায়, আর সেখান থেকেই গল্প ফিরে যায় এক শিশুর শৈশবে। সেই শিশুর স্বপ্ন বড় হয়ে সংগীত তারকা হওয়ার, যা ধীরে ধীরে বাস্তবতায় রূপ নেয়।

পরবর্তী দৃশ্যগুলোতে শাকিব খানকে একেবারে নতুন লুকে দেখা যায়—গিটার হাতে, চোখে রোদচশমা, হাজারো দর্শকের সামনে একজন রকস্টার হিসেবে পারফর্ম করতে। টিজারের শেষাংশে একটি গাড়ির ওপর গিটার হাতে শুয়ে থাকা দৃশ্য তার বোহেমিয়ান ও আত্মবিশ্বাসী চরিত্রকে আরও জোরালোভাবে তুলে ধরে।

সিনেমাটির পরিচালক আজমান রুশো জানিয়েছেন, এটি কেবল শুরু, সামনে আরও চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। বর্তমানে টঙ্গীতে ছবিটির শেষ পর্যায়ের শুটিং চলছে, আর কয়েকদিনের মধ্যেই শুটিং শেষ হবে বলে জানান তিনি।

‘রকস্টার’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরসহ আরও অনেকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন কোরবানির ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

You might also like