নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলার বহুল আলোচিত রায় আজ ঘোষণা করা হবে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক রায় পাঠ করবেন।
অদিতা নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবা মৃত রিয়াজ হোসেন এবং মা রাজিয়া সুলতানা স্থানীয় একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষিকা।
মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৩ সেপ্টেম্বর অদিতাকে বাসায় একা পেয়ে তার সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনি (৩৪) ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সে অদিতাকে হত্যা করে। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদ সৃষ্টি হয়।
দীর্ঘ তদন্ত শেষে পুলিশ রনিকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন। ২০২৩ সালের ২১ জুন আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে।
রায় ঘোষণাকে ঘিরে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিহতের পরিবার, সহপাঠী এবং সচেতন মহল অধীর আগ্রহে রায়ের অপেক্ষায় রয়েছে।
অদিতার মা রাজিয়া সুলতানা বলেন, তিনি তার সন্তানের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চান এবং দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। একই সঙ্গে তিনি একটি নিরাপদ সমাজের প্রত্যাশা ব্যক্ত করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর জেলা সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাছুল মামুন আশা প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং পরিবারটি তাদের প্রাপ্য বিচার পাবে।
Recover your password.
A password will be e-mailed to you.