Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষার্থীদের মিলছে সর্বোচ্চ ২৩ দিনের অবকাশ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। আগামী ২৪ মে থেকে সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি প্রতিষ্ঠান ও মাদরাসায় একযোগে ছুটি কার্যকর হবে। তবে শিক্ষার্থীরা মূলত ২১ মে ক্লাস শেষে ছুটির আমেজে ঢুকে পড়বে।

প্রকাশিত সংশোধিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন থেকে পুনরায় শ্রেণিকক্ষ খুলবে। ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ মোট ১৬ দিনের বিরতি পাচ্ছে।

অন্যদিকে মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ হচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে ক্লাস শুরু হবে। এতে মাদরাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের টানা অবকাশ উপভোগের সুযোগ পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।

সাতকাহন ডেস্ক
You might also like