পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে টানা সাত দিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দর, কাস্টমস ও পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকবে।
শনিবার (২৩ মে) বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি। তিনি জানান, ঈদের দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, রবিবার (২৪ মে) বিকেল থেকেই কার্যত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ হয়ে যাবে। ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কোনো আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে না। আগামী ১ জুন সকাল থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
তবে এ সময় ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদের সময় যাত্রীচাপ বাড়তে পারে বিবেচনায় ইমিগ্রেশনে অতিরিক্ত জনবল রাখা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে কাস্টমস, বন্দর ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী ছুটিতে থাকায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। এ কারণে প্রতি বছরের মতো এবারও সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. শামীম হোসেন বলেন, ঈদের ছুটিতে বন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। চুরি, নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা সার্বক্ষণিক টহলে থাকবেন। পাশাপাশি বেনাপোল পোর্ট থানার পুলিশও নিরাপত্তা নিশ্চিত করবে।
বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন জানান, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে জন্য কঠোর নজরদারি চালানো হবে।
অন্যদিকে ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সাতকাহন ডেস্ক