Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব রাষ্ট্রীয় এলপি গ্যাসের দামে

সাড়ে ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে রাষ্ট্রীয় কোম্পানি বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড। কোম্পানিটি ৪১০ টাকা বাড়িয়ে নতুন দাম ১২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে।

রাষ্ট্রীয় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসির মূল্য নির্ধারণ কমিটির প্রস্তাবনার আলোকে এই আবেদন করা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, বেসরকারি এলপিজির তুলনায় দাম কম থাকায় ক্রসফিলিংয়ের ঘটনা ঘটছে। এ কারণে দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজির দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। তখন ক্রসফিলিং বন্ধ, ডিলার পর্যায়ের পরিবহন ও অপারেশন খরচ বৃদ্ধির কথা উল্লেখ করা হয়।

তবে সেই প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি নাকচ করে দিয়েছিল।

সাতকাহন ডেস্ক