বলিউডের অ্যান্টি-হিরো ধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করা জনপ্রিয় সিনেমা ‘খলনায়ক’ আবার ফিরছে সিক্যুয়াল নিয়ে। ১৯৯৩ সালের সেই ব্লকবাস্টারের ধারাবাহিকতায় তৈরি হচ্ছে ‘খলনায়ক রিটার্নস’।
অভিনেতা সঞ্জয় দত্ত ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন। সঙ্গে লিখেছেন, “কিছু গল্প শেষ হয় না… সেগুলো নতুনভাবে শুরু হয়। খলনায়ক রিটার্নস।” ফার্স্ট লুকে ব্যবহার করা হয়েছে বিখ্যাত গান ‘খলনায়ক হুঁ ম্যায়’-এর আবহসংগীত, যা ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
মূল ‘খলনায়ক’ পরিচালনা করেছিলেন সুভাষ ঘাই। ছবিতে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। অপরাধী বাল্লু, তাকে ধরতে দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ অফিসার এবং ছদ্মবেশী চরিত্রকে ঘিরে গড়ে ওঠা কাহিনি আজও স্মরণীয়।
ছবিটি সে সময়ের অন্যতম ব্যবসাসফল চলচ্চিত্রে পরিণত হয়েছিল। বিশেষ করে সঞ্জয় দত্তের বাল্লু চরিত্রটি ছিল ভিন্নধর্মী—যেখানে ভিলেনের পাশাপাশি মানবিক আবেগও ফুটে উঠেছিল, যা একে বলিউডের স্মরণীয় অ্যান্টি-হিরো চরিত্রগুলোর একটি করে তোলে।
‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ ও ‘খলনায়ক হুঁ ম্যায়’ গানগুলো এখনো সমান জনপ্রিয়। প্রায় ৩৩ বছর পর নতুন প্রেক্ষাপটে বাল্লুর প্রত্যাবর্তন কীভাবে দেখানো হবে, তা নিয়েই এখন দর্শকদের আগ্রহ তুঙ্গে।