দীর্ঘ এক দশকের অপেক্ষার পর নতুন গান ‘ফেরিওয়ালা’ প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। ব্যান্ডটির নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া গানটি তাদের বিভ্রম অ্যালবামের চতুর্থ ট্র্যাক। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান।
গানটি তৈরির যাত্রা শুরু হয়েছিল প্রায় ১০ বছর আগে। ২০১৬ সালে ফেসবুকে মাত্র দুই লাইন শেয়ার করার পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সেই চাহিদার প্রতিফলন ঘটল ‘ফেরিওয়ালা’ প্রকাশের মাধ্যমে।
গানটির মিউজিক ভিডিওতেও রয়েছে ভিন্নতা। কাপ্তাই লেকসহ দেশের মনোরম লোকেশনের পাশাপাশি কানাডার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করা হয়েছে। প্রকাশের পর থেকেই গানটি সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া পাচ্ছে।
বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে অ্যাশেজ। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে তারা। আগামী জুনে রোম, ভেনিস এবং প্যারিসে কনসার্ট করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির।
২০০৬ সালে যাত্রা শুরু করা অ্যাশেজ এর আগে ‘ছারপোকা’ ও ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে। ‘তুমি আয়না দেখো না’ ও ‘উড়ে যাওয়া পাখির চোখে’-র মতো গানের ধারাবাহিকতায় ‘ফেরিওয়ালা’ও শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সাতকাহন ডেস্ক