Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সীমান্ত দিয়ে ঢুকছে ভারতীয় গরু, উদ্বিগ্ন খামারিরা

কোরবানির ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতীয় গরু অবৈধভাবে দেশে প্রবেশ করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব গরু ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে আগে অবগত না থাকার কথা জানানো হয়েছে।

জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গী সড়কের বিভিন্ন স্থানে সম্প্রতি ভারতীয় গরুবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এসব গরু বিভিন্ন ট্রাকে করে দেশের বড় পশুর হাটগুলোর উদ্দেশে পাঠানো হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সীমান্তবর্তী এক বাসিন্দা দাবি করেন, কয়েকটি চক্র ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের ‘ম্যানেজ’ করে এই কার্যক্রম চালাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, বালিয়াডাঙ্গীর রত্নাই, আমজানখোর, ধনতলা ইউনিয়ন সংলগ্ন সীমান্ত পয়েন্ট এবং রানীশংকৈলের ধর্মগড় ও জগদ্দল সীমান্ত দিয়ে গরু অনুপ্রবেশের ঘটনা ঘটছে।

বালিয়াডাঙ্গী এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, গভীর রাতে সীমান্ত এলাকা দিয়ে গরুর পাল বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়। পরে সেগুলো ছোট ট্রাকে তুলে বিভিন্ন স্থানে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী জাহিদ হাসান জানান, লাহিড়ী হাটে ভারতীয় গরু বিক্রি হচ্ছে। তার দাবি, গরুর গঠন ও চিহ্ন দেখে সহজেই বোঝা যাচ্ছে এগুলো ভারতীয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় খামারিরা। ঠাকুরগাঁও সদর উপজেলার খামারি মো. রফিকুল ইসলাম বলেন, সারাবছর কষ্ট করে গরু পালনের পর ভারতীয় গরু বাজারে ঢুকলে দেশীয় গরুর দাম কমে যাবে এবং ছোট ও মাঝারি খামারিরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম বলেন, চলতি বছর কোরবানির পশুর বাজার স্থিতিশীল থাকলেও ভারতীয় গরুর অনুপ্রবেশ বাজারে অস্থিরতা তৈরি করতে পারে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু প্রবেশ স্থানীয় অর্থনীতি ও খামারিদের জন্য বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে ঈদের আগে এ ধরনের চোরাচালান বৃদ্ধি পেলে দেশীয় গরুর ন্যায্যমূল্য ব্যাহত হয়।

এ বিষয়ে বক্তব্য নিতে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, বিষয়টি আগে তার জানা ছিল না। তবে ভিডিও দেখে তিনি সীমান্ত দিয়ে গরু প্রবেশের ঘটনা সম্পর্কে নিশ্চিত হয়েছেন। দ্রুত সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজিবির সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।