Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সাত জেলায় তাপপ্রবাহ অব্যাহত, রাতে বাড়তে পারে গরম

দেশের সাত জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতে গরম বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস বলছে, মাদারীপুর, রাজশাহী, পাবনা, লক্ষ্মীপুর, খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামীকাল সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনার কয়রায়, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সবচেয়ে বেশি ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রংপুরে।