চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ১০ লাখ ৪৯ হাজার টাকা উদ্ধারসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতের দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে গাড়িটি আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত দেড়টার দিকে সেনাবাহিনী জব্দকৃত অর্থ ও মাইক্রোবাসটি চন্দনাইশ থানায় হস্তান্তর করে। রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া অর্থ একজন স্বতন্ত্র প্রার্থীর বলে ধারণা করা হচ্ছে। টাকার উৎস সম্পর্কে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে রয়েছেন সেনাসদস্যরা। ওই ব্যক্তি নগদ অর্থ গুনছিলেন। এ সময় তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’ বলে পরিচয় দেন।
উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ আসনে মিজানুল হক চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।