পরীক্ষাকেন্দ্রে দীর্ঘদিন ধরে চালু থাকা ‘নীরব বহিষ্কার’ বা ‘সাইলেন্ট এক্সপেল’ প্রথা বাতিলের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (১৮ এপ্রিল) এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
শিক্ষামন্ত্রী জানান, ১৯৬১ সালের একটি পুরোনো নীতিমালার ভিত্তিতে এই প্রথা চালু ছিল, তবে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে এর কোনো উল্লেখ নেই। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে এমন সেকেলে ও অযৌক্তিক নিয়ম বহাল রাখার কোনো প্রয়োজন নেই।
মন্ত্রী আরও বলেন, পরীক্ষাসংক্রান্ত বিধিতে এমন কিছু থাকা উচিত নয় যা শিক্ষার্থীদের মধ্যে ভয় বা মানসিক চাপ সৃষ্টি করে। তিনি সংশ্লিষ্টদের দ্রুত এই নীতিমালা সংশোধনের নির্দেশ দেন।
এ সময় সভায় এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২ জুলাই নির্ধারণ করা হয়। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, পরীক্ষার্থীরা যেন স্বস্তিদায়ক ও আনন্দঘন পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
সাতকাহন ডেস্ক