Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির তেল ডিপো

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। নতুন নিয়ম অনুযায়ী, শুক্রবার ও শনিবারও বিপিসির অধীনে বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো থেকে তেল সরবরাহ চালু থাকবে।

বিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদেশ থেকে নিয়মিত তেল আমদানি করা হচ্ছে এবং তা রেল ওয়াগন ও ট্যাংকারের মাধ্যমে বিভিন্ন ডিপোতে পাঠানো হচ্ছে। সেখান থেকে ফিলিং স্টেশনসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে।

সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় ফিলিং স্টেশনে ভিড় বেড়েছে। বিপিসি আগেও দৈনিক তেল বিক্রির সীমা নির্ধারণ করেছিল। কর্মকর্তারা বলছেন, ছুটির দিনেও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর হলে সরবরাহ আরও দ্রুত হবে এবং ফিলিং স্টেশনে চাপ কমবে।

বিপিসির সচিব শাহিনা সুলতানা বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।