ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে তিনি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াবেন।
সোমবার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের ভেতরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর কোনো ধরনের নিপীড়ন হলে বাংলাদেশ সরকার তা বন্ধে অনুরোধ জানাবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, প্রতিবেশী দেশে কোনো ঘটনা ঘটলেই তার অজুহাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সুযোগ দেওয়া হবে না।
তিনি বিরোধী দলের সমালোচনাকে ‘গঠনমূলক নয়’ বলেও মন্তব্য করেন এবং বলেন, কিছু রাজনৈতিক কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে বিব্রত করছে।
এ সময় তিনি সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সরকারের অবস্থান আরও শক্তভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।