লা লিগা শিরোপা ধরে রাখার লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার গেতাফের মাঠে ২-০ গোলের জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। মিডফিল্ডার পেদ্রির দারুণ পাস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোলরক্ষক ডেভিড সোরিয়াকে পরাস্ত করেন তিনি।
বিরতির পর গেতাফে রক্ষণে দৃঢ়তা দেখালেও বার্সেলোনা আক্রমণ চালিয়ে যায়। দানি ওলমোর একটি জোরালো শট সেভ করেন সোরিয়া। তবে শেষ পর্যন্ত ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। রবার্ট লেভানডোভস্কির পাস থেকে সহজ ফিনিশে গোল করেন মার্কাস রাশফোর্ড।
এর আগে রিয়াল মাদ্রিদ রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করায় পয়েন্ট টেবিলে বার্সেলোনার ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে ১১ পয়েন্টে।
এদিকে ব্যক্তিগত অর্জনের দিক থেকেও উজ্জ্বল লেভানডোভস্কি। লা লিগায় ১০০ গোল অবদান (৮১ গোল ও ১৯ অ্যাসিস্ট) পূর্ণ করে এই শতাব্দীতে সবচেয়ে বেশি বয়সে এই মাইলফলক ছোঁয়ার রেকর্ড গড়েছেন তিনি।
সাতকাহন ডেস্ক