Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

মুক্তি পেল ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে মালয়ালম সুপারহিট সিনেমা ‘দৃশ্যম ৩’-এর ট্রেলার। আবারও ‘জর্জকুট্টি’ চরিত্রে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা মোহনলাল। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শক-ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

নতুন ট্রেলারে দেখা যায়, আগের দুই পর্বে পুলিশের চোখ ফাঁকি দিলেও এবার অতীতের ছায়া থেকে মুক্ত থাকতে পারছেন না জর্জকুট্টি। পুরনো হত্যাকাণ্ডের রহস্য আবার সামনে চলে আসায় নতুন করে তদন্ত শুরু হয়েছে। ফলে তার সাজানো পরিকল্পনা এবার ভেঙে পড়বে কি না, তা নিয়েই তৈরি হয়েছে নতুন রহস্য।

ট্রেলারে মোহনলালকে আগের তুলনায় আরও উদ্বিগ্ন ও মানসিক চাপে দেখা গেছে। তার পরিবারও আবার পুলিশি জিজ্ঞাসাবাদ ও নজরদারির মুখে পড়ছে।

আগামী ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। ‘দৃশ্যম ২’-এর পাঁচ বছর পর ফিরছে জনপ্রিয় এই থ্রিলার সিরিজের তৃতীয় কিস্তি।

আগের দুটি পর্বের মতো এবারও পরিচালনা করেছেন জিতু জোসেফ। প্রযোজনায় রয়েছেন অ্যান্টনি পেরুম্বাভুর এবং পরিবেশনার দায়িত্বে রয়েছে প্যানোরামা স্টুডিওস।

২০১৩ সালে শুরু হওয়া ‘দৃশ্যম’ সিরিজটি ভারতের অন্যতম জনপ্রিয় ক্রাইম-থ্রিলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচিতি পেয়েছে।