Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

“মালয়েশিয়া ফেরত পাঠাল ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে, পুনঃপ্রবেশ নিষিদ্ধ”

মালয়েশিয়া সম্প্রতি ৬৪ বাংলাদেশিসহ মোট ১২৭ বন্দিকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। ফেরত পাঠানো বন্দিদের সব নাম দেশটির ইমিগ্রেশন সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, যার ফলে নির্ধারিত সময়ের মধ্যে তারা মালয়েশিয়ায় পুনরায় প্রবেশ করতে পারবেন না।

আজ সোমবার (৬ এপ্রিল) দেশটির ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এপ্রিলের প্রথম সপ্তাহে পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিপো থেকে বিভিন্ন দেশের বন্দিদের তাদের নিজ দেশে পাঠানো হয়েছে।

ফেরত পাঠানোদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি, ২১ জন মিয়ানমারের, ১৪ জন ভারতীয়, ১২ জন পাকিস্তানি, ৬ জন নেপালি, ৬ জন ভিয়েতনামী এবং থাইল্যান্ড, কম্বোডিয়া, চীন ও নাইজেরিয়ার একজন করে নাগরিক রয়েছেন।

সব বন্দিকে কেএলআইএ-১ ও কেএলআইএ-২ আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিনাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ফেরত পাঠানো বন্দিরা বিভিন্ন অপরাধে সাজা ভোগ করেছেন, যার মধ্যে রয়েছে নির্যাতন আইন (অ্যাক্ট-৫৭৪), বিপজ্জনক মাদক আইন ১৯৫২ (অ্যাক্ট-২৩৪), ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট-১৫৫) এবং ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩।

সাতকাহন ডেস্ক