মাদক সংক্রান্ত একটি মামলায় দীর্ঘ তদন্তের পর অবশেষে স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও নোরা ফাতেহি। মুম্বাই পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ না পাওয়ায় মামলাটি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।
২০২২ সালে দায়ের হওয়া এই মামলায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বেশ কয়েকজন তারকার নাম উঠে আসে। তারই ভিত্তিতে তদন্তের অংশ হিসেবে শ্রদ্ধা ও নোরাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল।
পুলিশের সাম্প্রতিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, মাদক চক্রের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ফলে তাদের নাম চার্জশিটে রাখা হচ্ছে না।
এদিকে, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। গ্রেপ্তার হওয়া দুইজন এবং এক পলাতক আসামির বিরুদ্ধে নতুন চার্জশিট প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।