কণ্ঠশিল্পী আসিফ আকবর চার বোতল বিদেশি মদ রাখার মামলায় খালাস পেয়েছেন। মঙ্গলবার (৯ মার্চ) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আয়েশা আক্তার মৌসুমী অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের রায় দেন।
আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, মামলার যুক্তিতর্ক উপস্থাপনের পর আসিফ আকবরকে খালাস দেয়া হয়েছে। আসিফের আইনজীবী প্রদীপ কুমার দেবনাথ অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার খালাস দাবি করেছিলেন। রায়ের পর আসিফ সন্তোষ প্রকাশ করে বলেন, “ন্যায়বিচার পেয়েছি।”
মামলার ইতিহাস অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। তার অফিস কক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া গেলে তা পরীক্ষা নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
২৩ জুলাই ২০১৮ সালে সিআইডি পুলিশের এসআই প্রশান্ত কুমার সিকদার আসিফের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া বিদেশি মদ রাখার অভিযোগে মামলা দায়ের করেন। ১৩ নভেম্বর ২০১৯ সালে তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাত বছরের সাজা হতে পারত। আসিফ ইতিমধ্যে জামিনে ছিলেন।