Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা : ইসি সানাউল্লাহ

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবেন বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল বুথ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আশ্বস্ত করেন, সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করলে কোনো সমস্যা হবে না।

এর আগে, রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন ও ব্যবহার নিষিদ্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এতে কেবল প্রিজাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এবং নির্দিষ্ট দুইজন আনসার সদস্যকে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।

নির্দেশনার ফলে প্রার্থী ও সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহারের সুযোগ না থাকার কারণে সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রতিবাদে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) সোমবার ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে। সংগঠনের সভাপতি কাজী জেবেল বলেন, মোবাইল ফোন ছাড়া সাংবাদিকরা তাদের দায়িত্ব কার্যকরভাবে পালন করতে পারবে না, এবং এটি নির্বাচনের স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করবে।

সাংবাদিক নেতাদের এ প্রতিবাদের পর নির্বাচন কমিশন তাদের অবস্থান পরিবর্তন করে। ইসি সানাউল্লাহ জানিয়েছেন, সাংবাদিকদের ক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শিথিল করা হবে এবং দ্রুত এ বিষয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে।

You might also like