জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতেই দেশের তিন গুরুত্বপূর্ণ মহানগরী—ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন—এ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকার বিভাগ থেকে এ তিন সিটিতে ভোট আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশনকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে।
ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের চিঠি কমিশনে উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৃথক চিঠিতে তিন সিটি করপোরেশনের প্রথম সভার তারিখ ও মেয়াদোত্তীর্ণের তথ্য তুলে ধরা হয়েছে।
তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং গত বছরের ১ জুন এর মেয়াদ শেষ হয়েছে। ২০২০ সালের ৩ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয়, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। এছাড়া ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়; সে হিসেবে এ সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে আলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনগুলো ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।