জাতীয় সংসদ নির্বাচন ও উপনির্বাচনকে কেন্দ্র করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের মাস্টার্স শেষ পর্বের নির্ধারিত পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শেরপুর–৩ আসনে জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া–৬ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ৯ এপ্রিলের সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ১০ মে (রোববার) অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষার কোড ৩০২ এবং প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়সীমা প্রশ্নপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত থাকবে।

এই পরীক্ষার আওতায় রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, পালি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণরসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকাবিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়।
বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, পূর্বে প্রকাশিত অন্যান্য পরীক্ষার সময়সূচি ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। প্রয়োজনে কর্তৃপক্ষ যে কোনো সময় পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।