Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে এলেন রাজা সুব্রামানি

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে ভারতের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে তিনি সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।

জেনারেল বিপিন রাওয়াত ও জেনারেল অনিল চৌহানের পর এন এস রাজা সুব্রামানি হচ্ছেন ভারতের তৃতীয় সিডিএস।

বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হবে। এরপর দায়িত্ব নেবেন সুব্রামানি।

লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ ছিলেন। পরে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সেনাবাহিনীর উপ-প্রধানের দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে ভারতের পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি মুম্বাইয়ে পশ্চিম নৌ কমান্ডের দায়িত্বে রয়েছেন। আগামী ৩১ মে তিনি বর্তমান নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।

ভারতীয় নৌবাহিনীর প্রধান হিসেবে স্বামীনাথনের মেয়াদ থাকবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক শিক্ষার্থী স্বামীনাথন ১৯৮৭ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন। যোগাযোগ ও ইলেকট্রনিক যুদ্ধবিদ্যায় বিশেষজ্ঞ হিসেবে পরিচিত তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে উচ্চতর সামরিক প্রশিক্ষণ নিয়েছেন।

সাতকাহন ডেস্ক

You might also like