Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নাগরিকদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেছেন, ভয়কে দূরে সরিয়ে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে হবে। একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না, বরং দীর্ঘদিনের নীরবতা ও বাধাহীন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জবাব হয়ে উঠবে এবং দেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণ করবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতি এখন এক ঐতিহাসিক ও ভবিষ্যৎ-নির্ধারক মুহূর্তে দাঁড়িয়ে। আর মাত্র একদিন পর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদের ওপর গণভোট—যা বহু বছরের প্রত্যাশার প্রতিফলন। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তিনি বলেন, তাদের আত্মত্যাগের কারণেই দেশ আজ গণতান্ত্রিক উত্তরণের নতুন অধ্যায়ে প্রবেশের সুযোগ পেয়েছে। এই নির্বাচন ও গণভোট সেই ত্যাগেরই ধারাবাহিকতা।

প্রধান উপদেষ্টা আরও বলেন, প্রতিটি জাতির জীবনে কিছু দিন আসে, যা রাষ্ট্রের ভবিষ্যৎ, গণতন্ত্রের চরিত্র এবং আগামী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করে। আসন্ন ভোট সেই রকমই একটি দিন, যখন জনগণ নতুন সরকার নির্বাচন করবে এবং গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ কাঠামো সম্পর্কে সিদ্ধান্ত দেবে।

তিনি উল্লেখ করেন, এবারের নির্বাচনী প্রচারণা আগের যেকোনো সময়ের তুলনায় শান্তিপূর্ণ হয়েছে। মতপার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দল, প্রার্থী ও ভোটাররা সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এ জন্য তিনি রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানান।

তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, তফসিল ঘোষণার পর ও প্রচারণাকালে কয়েকটি সহিংস ঘটনায় প্রাণহানি ঘটেছে, যা অত্যন্ত বেদনাদায়ক। গণতন্ত্রের পথে কোনো প্রাণহানি কাম্য নয়—এমন সহিংসতা কোনো সভ্য রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হতে পারে না।

You might also like