Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

বিমানবন্দর ও রেলওয়ে স্টেশনে মিলবে ফ্রি ওয়াই-ফাই : টেলিযোগাযোগ মন্ত্রী

দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দ্রুতগতির ট্রেনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের মানুষের দোরগোড়ায় আধুনিক ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া। এর অংশ হিসেবে ইতোমধ্যে চারটি ট্রেনে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি কক্সবাজার রুটে চলাচল করে।

তিনি আরও জানান, সরকারি হাসপাতালগুলোতেও পর্যায়ক্রমে ফ্রি ওয়াই-ফাই সেবা চালুর কাজ চলছে। পাশাপাশি বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারগুলোকে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

কক্সবাজারের পর্যটন খাত উন্নয়নের অংশ হিসেবে পর্যটন কেন্দ্রগুলোতেও ফ্রি ওয়াই-ফাই চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী। বিদেশি পর্যটকদের জন্য সুবিধা বাড়াতে সংশ্লিষ্টদের সহযোগিতার আহ্বান জানান তিনি।

সভায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সাইবার নিরাপত্তা, ডিজিটাল শিক্ষা ও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে আলোচনা করেন।

পরে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং রেলওয়ে স্টেশনে নতুন ফ্রি ওয়াই-ফাই জোন উদ্বোধন করেন।