ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান কোটা সংস্কার আন্দোলন থেকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ নেয়। সাধারণ মানুষ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী ও রাজনৈতিক দলগুলো মিলিত হয়ে ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটায়।
রাষ্ট্রপতি বলেন, “হাজারো শহীদের রক্তের ওপর দিয়ে ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।” তিনি আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ৩০ হাজার মানুষ আহত হয়েছেন, ৫০০-এর বেশি চোখ হারিয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য চিকিৎসা, স্বাস্থ্য কার্ড ও ভাতা ব্যবস্থা চালু রয়েছে। ১৩৭ জন গুরুতর আহতকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। সরকার জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, গবেষণা, উন্নয়ন ও দিবস উদযাপনসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।
রাষ্ট্রপতি ত্রয়োদশ সংসদের উদ্বোধনী অধিবেশনে সব নির্বাচিত সদস্য ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের প্রতি অভিনন্দন জানান। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।