বাংলা চলচ্চিত্রের সোনালি অতীতকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী ক্ল্যাসিক চলচ্চিত্র প্রদর্শনী, যা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
এই আয়োজনে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে উপভোগ করতে পারবেন আর্কাইভে সংরক্ষিত পুরনো, নতুন ও দুর্লভ বাংলা সিনেমা।
প্রদর্শনীর প্রথম দিনে দেখানো হবে হারুনর রশীদ পরিচালিত ‘মেঘের অনেক রং’। এরপর ৯ এপ্রিল থাকছে খান আতাউর রহমানের বিখ্যাত সাদাকালো চলচ্চিত্র ‘দিন যায় কথা থাকে’।
১৬ এপ্রিল প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত জনপ্রিয় একটি রঙিন সিনেমা, যা পরিচালনা করেছেন শাহ আলম কিরন।
২৩ এপ্রিল দর্শকরা উপভোগ করতে পারবেন দেওয়ান নজরুল পরিচালিত অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘দোস্ত দুশমন’। আর মাসের শেষ দিনে, ৩০ এপ্রিল, দেখানো হবে মমতাজ আলী পরিচালিত ‘নসিব’, যেখানে অভিনয় করেছেন উজ্জল, শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা।
ফিল্ম আর্কাইভ জানিয়েছে, বাংলা সিনেমার ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যেই এই বিশেষ আয়োজন।