Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

প্রিপেইড মিটারের মাসিক চার্জ আর থাকছে না : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটাতে সরকার প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ সম্পূর্ণভাবে বাতিল করেছে।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ আদায় নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন অসন্তোষ ছিল।

মন্ত্রী বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। গ্রাহকদের স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে দ্রুতই মিটার চার্জ পদ্ধতি বাতিল করা হচ্ছে।”

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা প্রতি মাসে রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ বা রক্ষণাবেক্ষণ চার্জ হিসেবে পরিশোধ করতেন। গ্রাহকরা অভিযোগ করে আসছিলেন, মিটারের প্রকৃত মূল্য অনেক আগেই উঠে গেছে, অথচ কেন এই অতিরিক্ত চার্জ নেওয়া হচ্ছে।

বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে দায় তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকদের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

সাতকাহন ডেস্ক