প্রশাসনের রদবদলের অংশ হিসেবে সরকারের সাতজন অতিরিক্ত সচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে। এদের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম ও সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।
প্রজ্ঞাপন অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। তাদের উভয়কে প্রেষণে এসব পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমানকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যান্য বদলির মধ্যে রয়েছেন—
- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদা ফেরদৌসকে কৃষি মন্ত্রণালয়ে,
- বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খানকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে,
- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এদিকে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এস এম হুমায়ুন কবির সরকারকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ রদবদল করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।