Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

প্রথমবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন (এফএনটি) বিভাগ আয়োজিত ‘1st JnU FNT International Student Film Festival-2026’-এ দেশ-বিদেশের শিক্ষার্থী নির্মাতারা অংশগ্রহণের সুযোগ পাবেন।

ইতোমধ্যে উৎসবকে ঘিরে নিবন্ধন ও চলচ্চিত্র জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, তিন দিনব্যাপী এ উৎসব আগামী জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। আমন্ত্রিত অতিথি ও সার্বিক প্রস্তুতির ভিত্তিতে চূড়ান্ত তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

উৎসব উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছ থেকে চলচ্চিত্র ও চিত্রনাট্য আহ্বান করা হয়েছে। আগামী ১০ জুন পর্যন্ত প্রতিযোগিতার জন্য নির্মাণকর্ম জমা দেওয়া যাবে।

থাকবে ৮টি প্রতিযোগিতা বিভাগ

আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পাঁচটি বিভাগ রাখা হয়েছে—

  • Cineman (স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র)
  • Cinema People (গ্রুপ প্রোডাকশন)
  • Screenwriter (চিত্রনাট্য রচনা)
  • Documaker (প্রামাণ্যচিত্র)
  • Cinewomen (নারী নির্মাতাদের জন্য বিশেষ বিভাগ)

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থীদের জন্য আন্তঃব্যাচ প্রতিযোগিতার আওতায় থাকবে—

  • Best Maker (Short Fiction Film)
  • Best Group Fiction
  • Best Group Documentary

অংশগ্রহণের শর্ত

আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীরাই উৎসবে অংশ নিতে পারবেন। জমা দেওয়া চলচ্চিত্রের দৈর্ঘ্য সর্বোচ্চ ২০ মিনিট হতে হবে।

অংশগ্রহণকারীদের চলচ্চিত্রের শিরোনাম, পরিচালক ও প্রযোজকের নাম, নির্ধারিত বিভাগ, পোস্টার, গুগল ড্রাইভ লিংক, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, বিভাগ, সেশন এবং বৈধ শিক্ষার্থী পরিচয়পত্র জমা দিতে হবে।

আগ্রহী শিক্ষার্থীরা তাদের নির্মাণকর্ম ও প্রয়োজনীয় তথ্য Jnufntfestofficial@gmail.com ঠিকানায় পাঠিয়ে উৎসবে অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ মনে করছে, এই আয়োজন শিক্ষার্থী নির্মাতাদের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কাজ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।