Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

‘পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) উড়িষ্যা উপকূলে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) প্রথম পরীক্ষা চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই উৎক্ষেপণ সম্পন্ন হয়।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি অগ্নি-৬ কি না তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে এটি আইসিবিএম শ্রেণির ক্ষেপণাস্ত্র বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি। এর মাধ্যমে ভারতের কৌশলগত প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে।

উৎক্ষেপণের কয়েক দিন আগে ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাত বলেছিলেন, সরকারের অনুমোদন পেলেই তারা অগ্নি-৬ প্রকল্পে এগিয়ে যেতে প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে, এই সফল পরীক্ষা ভারতের রকেট প্রপালশন, গাইডেন্স সিস্টেম ও রি-এন্ট্রি প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রমাণ।

এদিকে বিজেপি তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে এক পোস্টে দাবি করেছে, ১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লার অগ্নি-৬ ভারতকে সামরিকভাবে আরও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবে।

বর্তমানে রাশিয়ার কাছে ১২ হাজার কিলোমিটারের বেশি পাল্লার সারমাট এবং চীনের কাছে ১৫ হাজার কিলোমিটার পাল্লার ডিএফ-৪১ ক্ষেপণাস্ত্র রয়েছে।

এই পরীক্ষার মাধ্যমে উন্নত আইসিবিএম প্রযুক্তিসম্পন্ন দেশগুলোর সীমিত তালিকায় ভারতের অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সাতকাহন ডেস্ক