প্রায় দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি, চতুর্থ গ্রেড) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এর আগে ৯ মার্চ এক সিদ্ধান্তে তাঁর বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করার পাশাপাশি সুযোগ-সুবিধা প্রদানের বিষয়টি অনুমোদন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাঁকে দুটি বিভাগীয় মামলায় গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে সংশ্লিষ্ট ফৌজদারি মামলায় আদালত তাঁকে নির্দোষ ঘোষণা করে খালাস দেন। পরবর্তীতে রাষ্ট্রপতির আদেশে তাঁর দণ্ডাদেশ পুনর্বিবেচনা করা হলে বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করা হয়।
এছাড়া তাঁর বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করা হবে এবং বিধি অনুযায়ী তিনি সব বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
কোহিনূর মিয়া কে
কোহিনূর মিয়া বিসিএস ১২তম ব্যাচের কর্মকর্তা। তাঁর বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলায়। বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় তিনি পুলিশের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের সময় তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
২০০৬ সালের ধানমন্ডিতে এক ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়ে একটি মামলা হয়, যা দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতে নিষ্পত্তি হয় এবং তিনি খালাস পান।
এছাড়া ২০০৪ সালের নান্দাইলে সংঘর্ষ ও গুলিবর্ষণ সংক্রান্ত আরেকটি মামলাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে খালাস দেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সব অভিযোগ থেকে অব্যাহতির পরই তাঁর বরখাস্তাদেশ বাতিল ও পদোন্নতির এই সিদ্ধান্ত এলো।
সাতকাহন ডেস্ক