Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

নির্বাচনের সার্বিক পরিবেশ ইতিবাচক: ইইউ প্রধান পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিবেশ ইতিবাচক বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ইভারস আইজাবস বলেন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্র থেকে আসা প্রশিক্ষিত ও সক্রিয় পর্যবেক্ষকরা এই মিশনে অংশ নিচ্ছেন। পাশাপাশি নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার মতো অংশীদার দেশগুলোর প্রতিনিধিরাও পর্যবেক্ষণ কার্যক্রমে যুক্ত রয়েছেন। মাঠে দায়িত্ব পালনকারী সকল পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণের মৌলিক নীতি—নিরপেক্ষতা, নির্ভুলতা ও পারস্পরিক সম্মান—কঠোরভাবে অনুসরণ করবেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, ঢাকায় অবস্থানরত ইইউ টিম সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখবে। একই সঙ্গে মূল বিশেষজ্ঞ দল দেশের বিভিন্ন স্থানে মোতায়েন পর্যবেক্ষকদের কার্যক্রম সমন্বয় করবে।

একটি ঐতিহাসিক নির্বাচন পর্যবেক্ষণের সুযোগকে আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করে ইভারস আইজাবস বলেন, দীর্ঘ বিরতির পর গণতন্ত্রে প্রত্যাবর্তনের এই প্রক্রিয়া, রাজনৈতিক অঙ্গীকার এবং নির্বাচনী ব্যবস্থার অগ্রগতি তারা গভীর আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করবেন। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ ইইউ–বাংলাদেশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, গণতন্ত্র, রাজনৈতিক জবাবদিহি এবং আইনের শাসন—এই নীতিগুলোই ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি, যা বাংলাদেশের জনগণের সঙ্গেও অভিন্ন। এসব মূল্যবোধই ইইউ ও বাংলাদেশের জনগণের পারস্পরিক সহযোগিতার ভিত্তি গড়ে তুলেছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। এ সময় তিনি একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন।

You might also like