Coke Studio Bangla–র চতুর্থ সিজনের যাত্রা শুরু হচ্ছে আজ শনিবার। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলসংগীত ‘রুম ঝুম’ দিয়ে নতুন মৌসুমের সূচনা করা হচ্ছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বাংলা জানিয়েছে, জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ সাংস্কৃতিক স্মারক হিসেবেই এবারের সিজনের শুরু করা হচ্ছে।
‘রুম ঝুম’ গানটির মূল সুর নেওয়া হয়েছে অটোমান-তুর্কি লোকসংগীত ‘উস্কুদারা গিদের ইকেন’ থেকে। পরে নজরুল সেই সুরকে বাংলা বর্ষার আবহে নতুনভাবে রূপ দিয়েছিলেন। বহু প্রজন্ম ধরে বাংলাদেশে জনপ্রিয় এই গানটির দীর্ঘ সাংস্কৃতিক যাত্রাকে এবার নতুনভাবে উপস্থাপন করছে কোক স্টুডিও বাংলা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহতিম শাকিব ও নুসরাত জাহান। পাশাপাশি সহযোগিতা করেছেন তুরস্কের শিল্পী আলিফ হান্দে সেভগেল এবং মোস্তফা ইপেক।
এই গানের মাধ্যমে কোক স্টুডিও বাংলার মঞ্চে অভিষেক হচ্ছে মাহতিম শাকিবের। অন্যদিকে নতুন কণ্ঠ হিসেবে যাত্রা শুরু করছেন নুসরাত জাহান।
মাহতিম শাকিব বলেন, ‘রুম ঝুম’-এর অংশ হতে পারা তার জন্য বিশেষ অভিজ্ঞতা। তিনি মনে করেন, কোক স্টুডিও বাংলা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে ঐতিহ্যবাহী সংগীতকে বর্তমান প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা হচ্ছে, আবার মূল শেকড় ও ঐতিহ্যের প্রতিও সম্মান বজায় রাখা হচ্ছে।
নুসরাত জাহান জানান, গানটি তার কাছে অত্যন্ত ব্যক্তিগত ও অর্থবহ। সংগীত প্রযোজক শুভেন্দুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে তিনি স্বপ্নপূরণের সঙ্গে তুলনা করেন।
জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় Coke Studio Bangla YouTube Channel–এ প্রকাশ করা হবে ‘রুম ঝুম’।
কোক স্টুডিও বাংলার চতুর্থ সিজনে মোট আটটি গান থাকছে, যেখানে ভিন্ন ভিন্ন আবেগ ও সংগীতধারাকে তুলে ধরা হবে।
সাতকাহন ডেস্ক