Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক

ঢাকা, ৫ এপ্রিল: কোটি টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগীরা। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক শিক্ষার্থীর নাম মাহি চৌধুরী অর্ণব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, মাহি চৌধুরী অর্ণব জাতীয়তাবাদী ছাত্রদলের মুহসীন হল শাখার আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তবে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ভুক্তভোগী অ্যাডভোকেট আশিকুজ্জামান মোল্লা অভিযোগ করেন, মাহি চৌধুরী অর্ণবের বিরুদ্ধে তিন থেকে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি জানান, শনিবার তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। অভিযোগ পেলে হল প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।