বাংলাদেশ-পাকিস্তানের মধ্যেকার তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের আজ তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচে টস হেরে বাংলাদেশ ব্যাটিং করছে। বেলা ২টা ১৫ মিনিটে মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। আবহাওয়ার সংবাদবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদারের খবর অনুযায়ী, ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে ৫২ শতাংশ।
ম্যাচ শুরুর সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম ছিল, মাত্র ১৪ শতাংশ। তবে সময় যত গড়াতে থাকবে বৃষ্টির সম্ভাবনা ততই বেড়ে যাবে। আকুওয়েদারের খবর অনুযায়ী, বিকেল ৪টায় বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ, ৫টায় হবে ৪৭ শতাংশ আর ৬টায় এটি বেড়ে দাঁড়াবে ৫১ শতাংশে।
পাকিস্তানের সঙ্গে এই সিরিজের আগে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে ৭২টি। এর ১৭টিতে প্রথম দুই ম্যাচ শেষে ছিল ১-১ সমতা। এর মধ্যে আটটিতে শেষ ম্যাচ জিতে সিরিজের ট্রফি হাতে নিয়েছে বাংলাদেশ। হেরেছে নয়টি সিরিজ নির্ধারণী ম্যাচে।
খেলায় আজকের বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সালমান আগা, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আবরার আহমেদ।
বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। পাকিস্তান দলে পরিবর্তন এসেছে তিনটি। অভিষেক হচ্ছে মুহাম্মদ গাজী ঘোরি ও সাদ মাসুদের। বাদ পড়েছেন শামিল হোসেন ও হুসেইন তালাত। হুসেইন তালাত গত ম্যাচে চোটে পড়েছেন। দলে ফিরেছেন স্পিনার আবরার আহমেদ।
মিরপুরে আজ ‘ফাইনাল’। বাংলাদেশ অথবা পাকিস্তান, তৃতীয় ওয়ানডেটা যারাই জিতবে, জিতে নেবে তিন ম্যাচের সিরিজটা।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৮ উইকেটে। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে ১২৮ রানে।
সাতকাহন ডেস্ক
সাতকাহন ডেস্ক