Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

ক্লাস চলাকালে বজ্রাঘাত, আহত ১৬

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় দুইটি মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষকসহ অন্তত ১৬ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে চরএককরিয়া ও আলীমাবাদ ইউনিয়নের পৃথক দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরএককরিয়া ইউনিয়নের দাদপুর তেমুহনী মাধ্যমিক বিদ্যালয়ে দুপুর সোয়া ২টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। বিকট শব্দে পুরো বিদ্যালয় কেঁপে ওঠে এবং শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভীত শিক্ষার্থীরা ছোটাছুটি শুরু করলে ধর্মীয় শিক্ষক মাওলানা ফারুকুল ইসলামসহ আটজন অসুস্থ হয়ে পড়ে যান। কয়েকজন শিক্ষার্থী সাময়িকভাবে জ্ঞানও হারায়।

আহতদের মধ্যে রয়েছে সপ্তম শ্রেণির জান্নাত বেগম, ফাতেমা বেগম দোলা, আমেনা বেগম, সুমাইয়া বেগম, অষ্টম শ্রেণির মীম আক্তার এবং নবম শ্রেণির আফরোজা আক্তার ও সুমাইয়া আক্তার। তাদের দ্রুত উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, ক্লাস চলাকালে হঠাৎ বজ্রপাতের শব্দে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং কয়েকজন জ্ঞান হারায়। পরে দ্রুত তাদের হাসপাতালে পাঠানো হয়।

একই সময়ে আলীমাবাদ ইউনিয়নের পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়েও বজ্রপাতের ঘটনায় আরও আট শিক্ষার্থী আহত হয়। অভিভাবক বাহাদুর মৃধা বলেন, বজ্রপাতের শব্দে শিক্ষার্থীরা ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে।

পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন ফকির জানান, বিকট শব্দের কারণে শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে প্রাথমিক চিকিৎসা দিলে তারা সুস্থ হয়ে ওঠে।

মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল কাদের বলেন, এক শিক্ষকসহ আটজন চিকিৎসা নিতে এসেছিলেন এবং কারো অবস্থাই গুরুতর ছিল না। পর্যবেক্ষণের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, ঘটনার পর শিক্ষার্থীরা বাড়ি ফিরে গেছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যালয়গুলোকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like