আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, হাটে কিংবা পশু পরিবহনের সময় সড়কে কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না; অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ঈদকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে পশুর হাট বসানো নিষিদ্ধ করা হয়েছে। পশু পরিবহনের সময় যাতে জনভোগান্তি ও যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও বিশেষ নজর রাখা হবে।
তিনি আরও বলেন, হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া হাট ব্যবস্থাপনায় সহায়তার জন্য ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দলও কাজ করবে।
মীর শাহে আলম জানান, বিভিন্ন মহলের সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইজারাদার ও প্রশাসনের সমন্বয়ে হাট পরিচালনা করা হবে। পাশাপাশি হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।