Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

কুমিল্লায় ট্রেন-বাস দুর্ঘটনায় ৩ তদন্ত কমিটি, দুই গেটম্যান বরখাস্ত

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেনের ধাক্কায় বাস দুমড়েমুচড়ে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পেছনে গাফিলতির অভিযোগ উঠেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, পদুয়ার বাজার রেলক্রসিংয়ে সিগন্যাল না থাকার কারণে বাসটি রেললাইনে উঠে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় তিনটি তদন্ত কমিটির মধ্যে দুটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কুমিল্লা জেলা প্রশাসককে প্রধান করে অপর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, রেলওয়ের গঠন করা প্রতিটি কমিটিতে ৬ জন করে সদস্য রয়েছেন। এর একটিতে ডিটিও, ডেন-১, ডিএসটিই, ডিএমই (লোকো), ডিএমও এবং কমান্ড্যান্টকে (আরএনবি) সদস্য করা হয়েছে। অপরটিতে সিওপিএস, সিই, সিএমই, সিএমও, সিএসটিই ও সিসিকে (আরএনবি) সদস্য করা হয়েছে।

কুমিল্লা ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রাত ৩টার দিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অজয় ভৌমিক জানান, তারা ১২ জনের মরদেহ পেয়েছেন। দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। ১০ জনের পরিচয় জানা যায়নি।

You might also like