Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

“কন্টেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর দিতে হবে না”

দেশের ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর প্রস্তাবিত ৭.৫ শতাংশ কর আরোপ করা হচ্ছে না বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনপ্রিয় ফেসবুক পেজ ‘চিত্ত মিডিয়া’র প্রতিষ্ঠাতা ও কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানার সঙ্গে সাক্ষাতে তিনি এ বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানান।

সোমবার (১ জুন) সচিবালয়ে জুয়েল রানাকে আমন্ত্রণ জানিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জুয়েল রানা জানান, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ওপর কর আরোপের গুঞ্জন নিয়ে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জুয়েল রানা বলেন, বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন এবং তরুণদের আয়ের ওপর এমন কর আরোপ না করার কথা জানান।

তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, “তরুণরা ডিজিটাল মার্কেটিং ও আন্তর্জাতিক বিভিন্ন কাজের মাধ্যমে দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছে। ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের ওপর এ ধরনের কর আরোপ করা হবে না।”

আলোচনায় জুয়েল রানা উল্লেখ করেন, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটররা দেশের সম্পদ বিদেশে পাচার করেন না, বরং বৈদেশিক আয় দেশে নিয়ে আসেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি একমত হয়েছেন বলেও জানান।

কৃষি, প্রকৃতি, মানুষ ও সাহিত্যভিত্তিক কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি পাওয়া জুয়েল রানার ‘চিত্ত মিডিয়া’ ফেসবুক পেজটি গত বছরের ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে। বর্তমানে পেজটির অনুসারী সংখ্যা ৪৩ লাখের বেশি।

তবে জুয়েল রানার দাবি ও প্রধানমন্ত্রীর কথার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বা লিখিত ঘোষণা প্রকাশ করা হয়নি।

You might also like