Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

এমআরটি কার্ড রিপ্লেস না হওয়ায় ভোগান্তি

রাজধানীর মেট্রোরেলে ব্যবহৃত এমআরটি পাস হারানো বা নষ্ট হলে সেটি রিপ্লেসমেন্ট করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা। ফলে কার্ডে থাকা ব্যালেন্স ফেরত পেতে নতুন কার্ড ইস্যু করতে হচ্ছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলছে। স্টেশনগুলোতে নোটিশ দিয়ে জানানো হয়েছে— এমআরটি পাসের রি-ইস্যু বা রিপ্লেসমেন্ট সেবা বন্ধ রয়েছে।

যাত্রীরা বলছেন, কার্ডে টাকা থাকলেও তা ফেরত পেতে জটিলতায় পড়তে হচ্ছে। তবে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, রিপ্লেসমেন্ট বন্ধ থাকলেও ফর্ম পূরণ করে ব্যালেন্স রিফান্ড নেওয়া যাচ্ছে।

ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদ জানিয়েছেন, সংকট কাটাতে নতুন করে ১ লাখ এমআরটি পাস কেনা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব কার্ড বাজারে আসবে এবং চলমান সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বর্তমানে বাজারে এমআরটি পাস রয়েছে ৭ লাখ ৪০ হাজার এবং র‌্যাপিড পাস ৪ লাখ ৮৩ হাজার। প্রতিদিন প্রায় ৪ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেন। নতুন কার্ড যুক্ত হলে মোট সচল কার্ডের সংখ্যা দাঁড়াবে ১০ লাখ ২৩ হাজারে।

সাতকাহন ডেস্ক