Satkahonbd | সাতকাহন
সত্যের সন্ধানে

এটা আর্জেন্টিনার বিশ্বকাপের প্রস্তুতি, না ‘পিকনিক’

বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়াম। টানা জয়ের পরও আর্জেন্টিনা শিবিরে যেন এক ধরনের অস্বস্তি। মৌরিতানিয়াকে ২-১ ও জাম্বিয়াকে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী থাকার কথা বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু সেই প্রশান্তির মাঝেই উঠে এসেছে কঠিন এক প্রশ্ন—তাদের প্রস্তুতি কি যথেষ্ট?

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনিকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন এক দর্শক—দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলে আদৌ কতটা প্রস্তুতি নেওয়া সম্ভব? প্রশ্নটি থামিয়ে দেওয়া হলেও আলোচনায় আগুন জ্বেলে দেয়।

বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনার প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়ছে। স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’ বাতিল হওয়ার পর তড়িঘড়ি করে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মতো দলের বিপক্ষে ম্যাচ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতেও প্রতিপক্ষ ছিল তুলনামূলক দুর্বল দল—ভেনেজুয়েলা, পুয়ের্তো রিকো, অ্যাঙ্গোলা।

খোদ স্কালোনিও স্বীকার করেছেন, কিছু ম্যাচে দলের পারফরম্যান্স ছিল নিস্তেজ। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও বলেছেন, খেলায় ছিল না প্রত্যাশিত গতি ও তাড়না।

তবে সব আলোচনার কেন্দ্রে একটাই নাম—লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই তারকা ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। স্কালোনি বারবার বলছেন, সিদ্ধান্ত পুরোপুরি মেসির ওপর নির্ভর করছে।

বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স ও ক্লাব ফুটবলে ধারাবাহিকতা থাকলেও, চোট ও ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজের সেরাটা দিতে পারবেন কি না—সেই প্রশ্নও ঘুরছে।

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন যেন স্বস্তির আবরণে ঢাকা। তবে প্রতিদ্বন্দ্বীরা বসে নেই। বিশ্বকাপের মঞ্চে শিরোপা ধরে রাখতে হলে, এই স্বস্তি ভেঙে বাস্তব প্রস্তুতিতে ফিরতেই হবে আলবিসেলেস্তেদের।

You might also like