সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা কমাতে গণপরিবহন চালকদের কর্মঘণ্টা নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি চালকদের নির্ধারিত সময় মেনে গাড়ি চালানোর নির্দেশ দিয়েছে।
শনিবার বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা পাঁচ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। এরপর অন্তত আধা ঘণ্টা বিশ্রাম নিয়ে সর্বোচ্চ আরও তিন ঘণ্টা গাড়ি চালানো যাবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, একজন চালক দিনে সর্বোচ্চ আট ঘণ্টা এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।
বিআরটিএ জানিয়েছে, নির্ধারিত কর্মঘণ্টা অমান্য করে গণপরিবহন চালালে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তাই মোটরযান মালিক ও চালকদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট চালকের ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের রেজিস্ট্রেশন বাতিল করা হতে পারে।
এ ছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়েছে।
সাতকাহন ডেস্ক